ডিবিসি নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠির তিন কোটি ৭০ লাখ সদস্য গুম হওয়ার অভিযোগ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন প্রিয়া সাহা নামে একজন। সবার মনেই প্রশ্ন কে এই প্রিয়া সাহা? কি তার পরিচয়?
সাম্প্রদায়িক নিপীড়নের শিকার হওয়া ১৬টি দেশের প্রতিনিধিরা বুধবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন। সেখানে, বাংলাদেশে ৩ কোটি ৩৭ লাখ সংখ্যালঘু গুম হয়েছে বলে অভিযোগ করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা। এ নিয়ে, সারাদেশে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। সবারই জানার আগ্রহ কে এই প্রিয়া সাহা।
দলিত সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা ‘সারি’ নামের একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক প্রিয়া সাহা। তার জন্ম পিরোজপুরের নাজিরপুর উপজেলার চরবানিয়ারীর মাটিভাঙ্গা গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র ইউনিয়ন করতেন তিনি।

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য গত বছর মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিস্কার করা হয় তাকে। ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনের পর দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন হয়েছে অভিযোগ তুলে সভা সেমিনারের আয়োজন করে আসছিলেন তিনি।
প্রিয়া সাহার স্বামী মলয় কুমার সাহা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক। তাদের দুই কন্যা যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেন।
গত মাসে, ‘দলিত কন্ঠ’ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশের অনুমতি পেয়েছেন প্রিয়া সাহা। পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বার্থ পরিপন্থী বা অন্য কোন আপত্তিকর বিষয় পত্রিকায় প্রকাশ করা থেকে বিরত থাকার অঙ্গীকার করতে হয়। তিনিও এই অঙ্গীকারনামা দিয়েই পত্রিকা প্রকাশের অনুমতি নিয়েছেন।
